হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:৫২:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন অন্তত একজন| সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বৃষ্টি ও বজ্রপাতের সময় হাওরে ধান কাটতে গিয়ে এসব ঘটনা ঘটে|
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার আব্দুল সালাম (৬০) বজ্রপাতে নিহত হন| একই ঘটনায় বানিয়াচং উপজেলার গড়পাড়া গ্রামের সামরুজ মিয়া (৫০) আহত হয়েছেন|
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গড়দার হাওরে নিজ জমিতে ধান কাটছিলেন মকসুদ মিয়া| এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়| তিনি ওই গ্রামের ছাবর উল্লার ছেলে| অন্যদিকে, বানিয়াচংয়ে হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল সালাম নিহত হন| তিনি আব্দুল গফুরের ছেলে|
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন| এছাড়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, নিহত মকসুদ মিয়ার পরিবারটি দরিদ্র তাদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|
অন্যদিকে, সুনামগঞ্জ সদর উপজেলায় পৃথক বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে| নিহতরা হলেন মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৩৮), গৌরারং ইউনিয়নের ˆবটাখালি গ্রামের জমির হোসেন (৪০) এবং অপর এক অজ্ঞাতপরিচয় কৃষক|
স্থানীয়রা জানান, জমির উদ্দিন সোমবার বিকেলে দেখার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত হন| তাঁকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন| একই সময়ে জমির হোসেন বাড়ি থেকে হাওরের দিকে যাওয়ার পথে বজ্রপাতে আহত হন; পরে হাসপাতালে নেওয়ার পর তাঁরও মৃত্যু হয়| এছাড়া একই এলাকায় ধান কাটতে গিয়ে আরেক কৃষক বজ্রপাতে আহত হলে হাসপাতালে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করা হয়|
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেলেও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি|





