তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৮:৪৮:৩৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহসানুল ইসলাম (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত আহসানুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ঘটনাটি ঘটেছে।
আহত একই গ্রামের তাজ ইসলামের ছেলে শিমুল মিয়া(২০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও আমজাদ হোসেন ছেলে দেলোয়ার হোসেনকে বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করা অবস্থায় পল্লী বিদ্যুতের সংযোগ মেইন লাইনে রড পড়ে যায়। এতে আহসানুল ইসলাম, শিমুল মিয়া ও দেলোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলে আহসানুলের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বাদাঘাট বাজারে নিয়ে গেলে শিমুল মিয়ার অবস্থা খারাপ হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




