বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৮:৩৯:০৭ অপরাহ্ন
স্পোটর্স ডেস্ক: বিসিবি নির্বাচন শেষে বোর্ড সভাপতি নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে| একক প্রার্থী হিসেবে বিসিবির ২১তম সভাপতি হয়েছেন তামিম ইকবাল| এছাড়া সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা| মিরপুরে রোববার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে| আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন| সকাল ১০টায় শুরু হয়েছিল ভোটগ্রহণ| বিকেল ৪টায় শেষ হয় সেই কার্যক্রম| এরপর ফল গণনা শুরু হয়| সেই কার্যক্রম শেষ হয় সন্ধ্যা ৬টায়|
প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম|
ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন| পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন| হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ| যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল| দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু| এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট|
ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন| শাকিফ আহমেদ ৬৫, আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন| রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন | ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি| এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে|
হেরে যাওয়া ৪ প্রার্থী বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ টি ভোট পেয়েছেন|




