ডেঙ্গুতে সিলেটে প্রথম মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৬, ১২:২৪:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুতে ১ম মৃত্যু দেখলো সিলেট। গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণকারী আফিয়া খাতুন (৫৪) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।
সোমবার (৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন
করে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নতুন রোগী শনাক্ত হয়েছেন।
জেলাওয়ারি হিসাবে চলতি বছরে সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজারে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেওয়া ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে সিলেট বিভাগে এটিই চলতি বছরের প্রথম মৃত্যু। রোববার (২ আগস্ট) পর্যন্ত বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০৯ জন এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একদিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা ১১১ এবং মৃতের সংখ্যা ১ জনে দাঁড়িয়েছে।






