আজ ১২ রবিউল আউয়াল: নবী আদর্শে শপথ নেয়ার দিন
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৬, ১২:৫২:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বছর পরিক্রমায় আবার আমাদের সামনে হাজির হলো বিশ্বমানবতার মুক্তিদিশারী মহানবী হজরত মুহাম্মদ সা. এর জন্ম ও মৃত্যু দিবস| মানুষের জন্য একমাত্র আদর্শ হলেন বিশ্বনবী মুহাম্মদ সা.| মহান আল্লাহ রাব্বুল আলামীন কুরআনুল কারীমের মধ্যে এই কথা মনে করিয়ে দিয়েছেন|
নবী সা. নিজেও বলেছেন, তোমাদের মধ্যে আমি শিক্ষক হিসেবে এসেছি| তার আদর্শ ছাড়া মুসলমান অন্য কোনো আদর্শ গ্রহণ করতে পারবে না| অন্য কোনো আদর্শ গ্রহণ করে সফল হতে পারবেনা| শিশুকাল থেকে নিয়ে পরিপূর্ণ জীবন, ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক প্রতিটি পর্যায়ে তিনি আদর্শ| তাঁর অনুসরণের মধ্যে যে কেবল মুসলমানের জন্যই সফলতা তা নয় বরং দুনিয়াবী জীবনে যেকোনো মানুষ তার অনুসরণ করবে সেই সফলতা লাভ করতে পারবে| আর তাই ১২ রবিউল আউয়াল কেবল মুসলমান নয় বিশ্ব মানবতার জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন|
এই দিবসটিতে মুসলমানরা মহানবী সা. এর জীবনের শিক্ষা-আদর্শ অনুযায়ী নিজেদের গড়ে তোলার নতুন প্রেরণা লাভ করে| বিশেষ করে মহানবীর আবির্ভাবের আগ মুহূর্তের অন্ধকার যুগ, যে সময় মানব সমাজ চরম এক নিষ্ঠুর পাশবিক অবস্থার যাঁতাকলে নিষ্পেষিত হচ্ছিল| নবীজীর আদর্শের অনুসরণে তখনকার মানুষ কিভাবে মুক্তি পেয়েছিলেন, এদিনে গোটা মুসলিম উম্মাহ সেই অবস্থার কথা স্মরণ করে এবং চলমান অবস্থায়ও ঐ সকল অশান্তির কার্যকারণ থেকে নিজ দেশ ও সমাজকে রক্ষায় দৃঢ় সংকল্প গ্রহণ করতে পারে| নিজেদের ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনের সকল অশান্তির কার্যকারণসমূহ দূর করে মহানবী সা. ও ইসলামের জন্য তাঁর নিবেদিতপ্রাণ সাহাবীদের জীবনের শিক্ষা-আদর্শের অনুসরণের জন্য নতুন করে শপথ গ্রহণ করে| গত দেড় হাজার বছর ধরে মুসলিম উম্মাহ শত প্রতিকূলতার মাঝেও এভাবেই ইসলামকে ধরে রেখেছে|
মহানবী স. বলেছেন তোমরা যতক্ষণ কুরআন সুন্নাহর পূর্ণ অনুসারী থাকবে, কখনও বিপথগামী হবে না| বলাবাহুল্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম-অমুসলিম সকল সমাজেই বিশেষ করে মুসলিমপ্রধান সমাজে আজ যেসব সমস্যা ও অশান্তি বিদ্যমান তার একমাত্র কারণ হচ্ছে ইসলামের ওপর মুসলমানদের খন্ডিত আমল| ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণার ফলে নিজেকে মুসলিম বলে দাবি করলেও বহু মুসলিম নেতৃত্ব জ্ঞাত-অজ্ঞাতসারে ইসলামের ক্ষতি করে যাচ্ছে আর তাদের নেতৃত্বাধীন শোষণমুক্ত, অপরাধমুক্ত কোনো ইসলামী কল্যাণ রাষ্ট্রও প্রতিষ্ঠিত হচ্ছে না| আর এই অবস্থার সঙ্গে পাশ্চাত্যের বস্তুবাদী জীবনবোধকেন্দ্রিক ভোগবাদী শাসন, শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার প্রভাবতো আছেই|
ফলে আমাদের অনেকেই ইসলামের ওপর খন্ডিতভাবে আমলের দ্বারাই ইসলাম ও নবী জীবনের আদর্শের ওপর পূর্ণ আমল হয়ে যায় ধরে নিয়ে বসে আছেন| বর্তমান জাতীয় ও বিশ্ব পরিস্থিতিতে বস্তুবাদী জীবনব্যবস্থা এবং এই দৃষ্টিভঙ্গির অবশ্যম্ভাবী পরিণতি ও ব্যর্থতা লক্ষ্য করেই আজ সকল শ্রেণীর মুসলমানের কর্তব্য হচ্ছে আত্মজিজ্ঞাসায় তাড়িত হওয়া এবং খন্ডিত ইসলাম ও খন্ডিত নবী অনুসরণে মুক্তির ধারণা থেকে পরিপূর্ণ ইসলাম ও নবীজীবনের পরিপূর্ণ অনুসরণের দিকে নিজেদের নিয়ে আসা| নবী দিবসের এই মোবারক দিনে সকল মুসলমানের কর্তব্য হলো নবীজীবনের উল্লেখিত পূর্ণ আদর্শের অনুসরণের কঠোর শপথ গ্রহণ করা|




