বিদেশে শ্রমিক পাঠানো কমেছে ৩৯ শতাংশ
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬, ৮:১০:৪৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জনশক্তি রপ্তানিতে সৌদি আরবের ওপর নির্ভরতা কমাতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে গেল ৬ মাসে বিদেশে লোক পাঠানো কমেছে প্রায় ৩৯ শতাংশ। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার খোলার নানা তৎপরতার পরেও এই বাজারটি এখনো বন্ধই রয়েছে। ওমানের মতো একসময়ের জনপ্রিয় শ্রমবাজার নিয়েও তেমন কোনো ‘সুখবর’ নেই।
ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসা বিএনপি সরকার ছয় মাসে পা দিয়েছে। সরকারের প্রথম ছয় মাসে বন্ধ থাকা কোনো শ্রমবাজার নতুন করে চালু করা সম্ভব হয়নি। ফলে ঘুরেফিরে হাতেগোনা কয়েকটি দেশেই কর্মী পাঠাচ্ছেন জনশক্তি রপ্তানিকারকরা।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, এই সরকারের ৬ মাস সময়ে বিদেশে পাড়ি দেওয়া শ্রমিকের অর্ধেকেরও বেশি, প্রায় ৫১ শতাংশই গেছেন সৌদি আরবে। অনেক বছর ধরেই পশ্চিম এশিয়ার এই দেশটি বাংলাদেশি শ্রমিকদের প্রধান গন্তব্য। এদিকে সম্প্রতি খোলার আলোচনায় আসা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চলতি মাসের শেষ দিকে ‘কিছু খবর’ পাওয়া যেতে পারে বলে ভাষ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার।
বিদেশগামীর সংখ্যা কমেছে ৩৯ শতাংশের বেশি : বিএমইটির তথ্য বলছে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ অগাস্ট পর্যন্ত ছয় মাসে বাংলাদেশ থেকে মোট ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী বিদেশে পাড়ি দিয়েছেন। এদের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৬৪৬ জন গিয়েছেন সৌদি আরবে। অর্থাৎ মোট জনশক্তি রপ্তানির ৫০ দশমিক ৮৭ শতাংশরই গন্তব্য সৌদি আরব। এর পরই মোটাদাগে সবচেয়ে বেশি ৪০ হাজার ৩৯৮ জন শ্রমিক গেছেন সিঙ্গাপুরে। প্রায় অর্ধ বছরে গড়ানো ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের মাঝে পড়া পশ্চিম এশিয়ার দেশ কাতারে গেছেন ৩২ হাজার ১২৭ জন।
এর বাইরে মালদ্বীপে ১৫ হাজার ৯৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৩ হাজার ১২৯, কুয়েতে ১৩ হাজার ৭১, জর্ডানে ৮ হাজার ১৯৯, ইতালিতে ৫ হাজার ৩১৬, পর্তুগালে ৩ হাজার ৬০৮ ও ইরাকে ২ হাজার ৮৬৩ জন পাড়ি দিয়েছেন।
বিএমইটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালের একইসময়ে সৌদি আরবে গিয়েছিলেন ৩ লাখ ৬১ হাজার ৩৬৬ জন, কাতারে গিয়েছিলেন ৫৩ হাজার ১৩৫ জন, সিঙ্গাপুরে ৩৬ হাজার ২৫১, কুয়েতে ২৪ হাজার ৪৪১, মালদ্বীপে ১৮ হাজার ২৩৭ জন, কিরগিজিস্তানে ৬ হাজার ৩৫৬, আরব আমিরাতে ৫ হাজার ৮৫২, জর্ডানে ৫ হাজার ৬০৮, ইতালিতে ৪ হাজার ১৪০ ও লেবাননে গেছেন ২ হাজার ৬৭৯ জন।
সে বছর ৬ মাসে বিদেশে পাড়ি দিয়েছিলেন ৫ লাখ ৪২ হাজার ৪৩৮ জন। চলতি বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, বিদেশে পাড়ি দেওয়া শ্রমিকের সংখ্যা কমেছে ২ লাখ ৯ হাজার ১১ জন। শতাংশের হিসাবে যা প্রায় ৩৮ দশমিক ৫৩ শতাংশ কম।
সরকারি তথ্য অনুসারে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে কর্মীরা ১৪১টি দেশে গেছেন। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ কর্মী গেছেন মাত্র পাঁচটি দেশে। একজন করে কর্মী গেছেন ১৩টি দেশে। ৩৪টি দেশে ২ থেকে ১০ জন করে কর্মী গেছেন।
‘বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০২৫ : অর্জন ও চ্যালেঞ্জসমূহ’ শিরোনামে ২০২৬ সালের ৭ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরু। সংস্থাটি বলছে, দীর্ঘদিন ধরে এক দেশকেন্দ্রিক প্রবাসী শ্রমবাজার গড়ে উঠেছে; অন্তত ৮ থেকে ১০টি বাজারে নিয়মিত কর্মী পাঠানোর অবস্থা থাকা উচিত। যেসব দেশে ১০০ জনের কম অভিবাসী কর্মী যান, সেসব দেশকে অভিবাসনের দেশ হিসেবে চিহ্নিত করা শোভন নয়।
এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ বলেন, নতুন বা অপ্রচলিত শ্রমবাজারেও কিছু কিছু লোক যাচ্ছে। রিসেন্টলি মলদোভার শ্রমবাজার ওপেন হয়েছে। আর ৬ মাসেই তো সব হবে না। এটা ঠিক সৌদি আরবই আমাদের বড় শ্রমবাজার। তবে নতুন কিছু দেশেও বাংলাদেশিরা যাচ্ছে।
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, অপ্রচলিত যে বাজারগুলোর কথা বলছেন, এগুলোর পরিবর্তনটা হতে আরও কয়েকটা জায়গায় একটু কাজ করার দরকার। সেটার ব্যবস্থাটা নেই। বাংলাদেশের অভিবাসন খাতের সংকট ও সমাধানের উপায় তুলে ধরে এ বিশ্লেষক বলেন, আমাদের অর্থনীতির একটা চালিকাশক্তি রেমিটেন্স, তাহলে এই মাইগ্রেশন সেক্টরটাকে টপ প্রায়োরিটিতে রাখা উচিত।
প্রবাসীদের ভাষার দুর্বলতা এবং মানসম্মত প্রশিক্ষণের অভাবই নতুন শ্রমবাজারে যাওয়ার প্রধান বাধা বলে মনে করেন আসিফ মুনীর। তিনি বলেন, বিএমইটির ট্রেনিং সেন্টারগুলোর (টিটিসি) শিক্ষকদের নিজেদেরই আধুনিক প্রযুক্তি ও বিদেশের বাজার সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। এমনকি সরবরাহ করা আধুনিক যন্ত্রপাতিগুলোও তারা চালাতে পারেন না।
এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ বলেন, সৌদি আরব আমাদের বড় শ্রমবাজার; এটা ট্রু। তবে নতুন যে দেশগুলোর কথা বললেন, রোমানিয়া, সার্বিয়া, সেখানে আমাদের মার্কেট এক্সপ্লোর করা হয়নি। উই আর ট্রায়িং। আমাদের যাচাই করে দেখতে হবে, সেখানে বাজার আছে কি না। কাজ আছে কি না। যারা যাবে, তারা অন্য কোথাও জাম্প করে চলে যাবে কি না, সেটা দেখতে হবে। আমরা কাজ করছি সেটা নিয়ে।





