মহানবীর জীবনাদর্শই আমাদের পাথেয়: সিকৃবি ভিসি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬, ১১:২৪:৩৬ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিক্ষার্থী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল কেরাত, হামদ ও নাতে রাসুল (সা.), উপস্থিত বক্তৃতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া।
কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় এবং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দায়ি ও সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানী। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মহান শিক্ষক ও আদর্শ পথপ্রদর্শক। তাঁর পবিত্র জীবন ছিল সামাজিকতা, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন, শিষ্টাচার ও উত্তম আচরণ বজায় রাখতেন এবং মানুষের সুখে-দুঃখে আন্তরিকভাবে পাশে দাঁড়াতেন।
ভিসি আরও বলেন, বর্তমান সমাজে যখন অশান্তি, অন্যায়, হিংসা-বিদ্বেষ ও বৈষম্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, তখন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর আদর্শ অনুসরণ করে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া, অন্যের অধিকারকে সম্মান করা এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শকে শিক্ষার্থীসহ সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি





