চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশের পরই বদলি ওসমানীর পরিচালক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : চিকিৎসকদের কর্মঘণ্টা নিয়ে কড়াকড়ি নোটিশ জারির এক সপ্তাহের মাথায় বদলি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নির্দেশ দেয়া হয়েছে। তার স্থলে পরিচালক করা হয়েছে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়া আবু জাফর মো. খালেদ হোসেনকে। তবে বদলির কারণ জানানো হয়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ওসমানী হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব নেন উমর রাশেদ মুনির।
গত ১ আগস্ট চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করতে তিনি বিজ্ঞপ্তি জারি করেন। এতে সকাল ৮টায় হাসপাতালে প্রবেশ এবং দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। বায়োমেট্রিক তথ্য পর্যালোচনায় উঠে আসে, সকাল ৯টার পরও বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হচ্ছেন। অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ছাড়ছিলেন বহির্বিভাগের ৯৬ শতাংশ ও অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক।
ওই বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থানের অনিয়মের চিত্র প্রকাশ পাওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এর মধ্যেই সোমবার পরিচালক উমর রাশেদ মুনিরকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন এবং তার স্থলে নতুন পরিচালক নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
তবে পরিচালকের বদলীর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। এর আগে শাহজালাল (র.) মাজারের দান বাক্সে স্বচ্ছতা আনতে উদ্যোগের মুখে আকস্মিক বদলী হন তৎকালিন সিলেটের জেলার প্রশাসক মো. সারওয়ার আলম। এনিয়ে সিলেটে লাগাতার কর্মসুচী পালিত হয়। চিকিৎসকদের সময় ফাঁকি ধরতে না ধরতেই পরিচালকের বদলী নিয়েও অনেকের মনে সন্দেহ বিরাজ করছে। যদিও পরিচালকের বদলীর সাথে এর কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।






