ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সামাজিক আন্দোলন : সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৭:২৯ অপরাহ্ন

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত সামাজিক আন্দোলন প্রয়োজন। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সহযোগিতা করতে হবে। রোববার সকালে নগর ভবন প্রাঙ্গণ থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সিসিক আয়োজিত সচেতনতামূলক র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে সিসিক নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করছে। তবে নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা কঠিন।
তিনি বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব না দেখে সামাজিক দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কর্মসূচি সফল করতে সিসিক সর্বাত্মকভাবে কাজ করবে। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এ সময় যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
র্যালিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নু, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







