বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১:২১ অপরাহ্ন

মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশ।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুলাইযোদ্ধা মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল।
এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার সুলতান চৌধুরী, নির্বাহী সম্পাদক জাহিদ নূর, কেন্দ্রীয় সদস্য মিছবা হোসেন এবং সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, জেনারেল এমএজি ওসমানী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্ব ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে তাঁকে ‘বঙ্গবীর’ উপাধিতে ভূষিত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের এই সর্বাধিনায়কের জন্ম ও মৃত্যুবার্ষিকী এখনো রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে না। তাই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে ‘বঙ্গবীর’ উপাধির যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বিজ্ঞপ্তি






