আম্বরখানা গার্লস স্কুলে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৭:০১ অপরাহ্ন

সিলেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসী ও হাবিবার যৌথ সঞ্চালনায় এবং অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়কে শুধু ভালো ফলাফলের জন্য নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে আলাদা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; এটি মানুষের চিন্তা, বিবেক ও মূল্যবোধকে বিকশিত করে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার চেষ্টা এবং দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি






