ভারতে পাচারকালে সিলেট সীমান্তে নারীসহ আটক ৭
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০২:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : উচ্চ বেতনের চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুই নারীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুই নারীকে ভারতে বাসাবাড়িতে মাসে ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবককে বিভিন্ন কোম্পানিতে ৩৫ হাজার টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে জাফলংয়ে আনা হয়। পরে মিজান নামের এক ব্যক্তি তাদের নলজুরি বড়ইতলা গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল পুলিশ ফাঁড়ির এক দল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- বাগেরহাটের সাইফুল (২১), খুলনার রাব্বি শিকদার (১৭), কাউছার (১৬), বাগেরহাটের ওমর ফারুক (১৮), পারভেজ হাসান (২১), নড়াইলের শম্পা (২৪) ও ঢাকার মুন্নি (১৬)।
এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে; দালালচক্রের জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অনুসন্ধান চলছে।






