জৈন্তার জঙ্গলে বিদেশি বন্দুকসহ পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৭:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে জঙ্গলের ভেতর থেকে একটি বিদেশি দোনলা বন্দুক ও পুলিশের মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। একই স্থান থেকে আরও দুই রাউন্ড তাজা রাইফেলের গুলিও উদ্ধার করা হয়েছে। তবে এসব অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এসআরবি-৯ সূত্র জানিয়েছে, অভিযানের সময় জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় বিদেশি দোনলা বন্দুকটি পাওয়া যায়। একই জায়গা থেকে জৈন্তাপুর থানার মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গোলাবারুদ সেখানে কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআরবি আরও সূত্র জানায়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের তথ্য রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ ওই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে। অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করে এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে চোরাকারবারি চক্রের কাছে থাকা অন্যান্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






