কানাইঘাটে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৮:৩০:২৩ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত হারিছ উদ্দিন (৫০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে হারিছ উদ্দিনের সঙ্গে একই বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলেদের বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে জাকারিয়া, ইয়াহিয়া ও তাঁদের পক্ষের লোকজন হারিছ উদ্দিনের দখলে থাকা বসতবাড়ির জায়গায় সুপারি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে জাকারিয়া, ইয়াহিয়া, আম্বিয়া ও জীবান আহমদ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হারিছ উদ্দিনের ওপর হামলা চালান। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। তাঁকে রক্ষা করতে স্ত্রী দিলারা বেগম, ছেলে ফারুক আহমদ ও আব্দুল আহাদ এগিয়ে এলে তাঁদেরও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। আহত হারিছ উদ্দিন ও তাঁর স্ত্রী দিলারা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় সোমবার রাতে জাকারিয়া, ইয়াহিয়া, আম্বিয়া ও জীবান আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হারিছ উদ্দিন।






