গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:৩১:১৪ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় সামাজিক মাধ্যমে ভেসে আসে হাহাকারের ছবি। শিশু থেকে বৃদ্ধ—কেউই রক্ষা পাচ্ছেন না। নিয়মিতই শোনা যায় প্রাণহানির খবর। এমন অবস্থায় গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি তহবিল গঠন করেছেন হামজা চৌধুরীরা।
নুজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে দেড় কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন হামজা। গাজার শিশুদের চিকিৎসার জন্য পুরো অর্থ খরচ করা হবে বলে সামাজিক মাধ্যমে গত রাতে দেওয়া এক বার্তায় বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার উল্লেখ করেন। ইনস্টাগ্রাম পোস্টের শুরুটা এভাবে করেছেন হামজা, আলহামদুলিল্লাহ। গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৬৫ লাখ টাকা।
ফিলিস্তিনি শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা তহবিল সংগ্রহ করায় ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হামজা। নিলামে হামজার লেস্টারের হয়ে এফএ কাপজয়ী জার্সি ৭ হাজার পাউন্ড এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক বিক্রি হয় ৩ হাজার পাউন্ডে। টিকিট বিক্রি ও নিলামের পুরো অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থাকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, সংগৃহীত এই তহবিল চিলড্রেন নট নাম্বারসের কাজে ব্যয় করা হবে। তারা গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি সহায়তা দিচ্ছে। এই অর্থ অনেক শিশুর চিকিৎসার জন্য বিদেশ বা নিরাপদ স্থানে যাওয়ার একমাত্র আশা। যাদের অত্যন্ত প্রয়োজন, তাদের জন্য ব্যয় করা হবে।
রোববার টাওয়ার হ্যামলেটস টাউন হলে নুজুম স্পোর্টসের আয়োজনে একটি দাতব্য অনুষ্ঠান হয়েছে। হামজা ছিলেন সেই অনুষ্ঠানের মধ্যমণি। এই নুজুম স্পোর্টস ২০২০ সালে প্রতিষ্ঠিত এক সংস্থা। ২০২৫ সালের মার্চ থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১৩ ম্যাচে ৪ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন এক গোলে। তবে সাফে বাংলাদেশের প্রথম ম্যাচে হামজা খেলতে পারবেন না। ৫ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। সব ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।





