মৌলভীবাজারে সাবেক এমপিপুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৬:৫৬:১৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, পৃথক অভিযানে জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। তিনিও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনই মৌলভীবাজার শহরে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।





