গণমাধ্যমকর্মীদের সাথে জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৭:০১:১৮ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি : বর্ণাঢ্য ব্যাংকিং জীবনের সমাপ্তি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিন। তিনি ব্যাংকার অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গলের সভাপতি এবং সাপ্তাহিক ধলাই পত্রিকার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে মো. সালাহ্ উদ্দিন বলেন, দীর্ঘ কর্মজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি তাঁর জীবনের বিশেষ মুহূর্ত। চাকরি মানুষকে পরিচয় দিলেও মানুষের ভালোবাসা ও সম্মানই একজন মানুষকে স্মরণীয় করে রাখে। কর্মজীবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ককে তিনি জীবনের অন্যতম মূল্যবান অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, পদ-পদবি ও কর্মজীবনের পরিচয় একসময় শেষ হয়ে যায়। কিন্তু মানুষের জন্য করা ভালো কাজ এবং মানুষের হৃদয়ে অর্জিত সম্মান থেকে যায়। প্রকৃত সাফল্য শুধু দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলা, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা এবং আস্থা অর্জনের মধ্যেই সাফল্যের প্রকৃত অর্থ নিহিত।
কর্মজীবনে তাঁর কোনো কথা, আচরণ কিংবা সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় মো. সালাহ্ উদ্দিনের কর্মজীবন ও পেশাগত অবদান নিয়ে বক্তব্য দেন ব্যাংকার অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যসচিব রুবেল আহমদ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, জ্যেষ্ঠ সাংবাদিক কাওছার ইকবাল ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের প্রতিবেদক ইসমাইল মাহমুদ, নয়া দিগন্তের এম এ রকিব, সাংবাদিক মামুন আহমেদ, এহসানুল হক, আতাউর রহমান কাজল, খোলাচিঠির নান্টু রায়, আমার দেশের কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মুসলিম চৌধুরী, মিজানুর রহমান আলম, সময়ের আলোর শামসুল ইসলাম শামীম, মানবজমিনের জামাল মিয়া, ফটোসাংবাদিক সুলতান আহমদ, তানভীর আহমেদ কাউছার, চায়ের জনপদের মোহাম্মদ আল আমিন, মো. এমরান হোসেন, পিন্টু দেব নাথ ও চায়ের দেশ-এর সনেট দেব চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।





