টাঙ্গুয়ার হাওরবিষয়ক কর্মশালার সনদ বিতরণে সিকৃবি ভিসি: স্থানীয় অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানের সমন্বয় জরুরি
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৬:৫৯:৫০ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় গবেষণা জোরদারের আহ্বান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
তিনি বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু দেশের একটি গুরুত্বপূর্ণ জলাভূমি নয়, এটি স্থানীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন। বর্ষায় পানির নিচে থাকা এবং শুকনো মৌসুমে কৃষিজমিতে রূপ নেওয়া এই পরিবর্তনশীল সম্পদের টেকসই ব্যবস্থাপনায় গবেষণালব্ধ জ্ঞান ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয় প্রয়োজন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে টাঙ্গুয়ার হাওরবিষয়ক পাঁচ দিনব্যাপী ফিল্ড কর্মশালা ‘মেকিং কমন্স ডায়নামিক: এফিমারাল কমন্স অব বাংলাদেশ’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতামূলক কর্মশালা তরুণ গবেষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ইউনিভার্সিটি অব ওয়াটারলুসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সিকৃবি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং কর্মশালায় অর্জিত অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্র ও গবেষণায় কাজে লাগানোর আহ্বান জানান।
টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে দেশের প্রথম ‘ক্ষণস্থায়ী কমন্স’ (এফিমারাল কমন্স) বিষয়ক এ কর্মশালা ৬ নভেম্বর শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলে। কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ‘ভালনারেবিলিটি টু ভায়াবিলিটি (ভিটুভি) গ্লোবাল পার্টনারশিপ’ এবং সিকৃবির উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার কো-ডিরেক্টর ও উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীরা কর্মশালার অভিজ্ঞতা, অনুভূতি ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন। পরে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ওয়াটারলুর স্কুল অব এনভায়রনমেন্ট, এন্টারপ্রাইজ অ্যান্ড ডেভেলপমেন্টের অধ্যাপক ও ভিটুভি গ্লোবাল পার্টনারশিপের কো-ডিরেক্টর ড. প্রতীপ কুমার নায়েক।
কর্মশালায় সিকৃবি ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি





