সিলেট জেলা পরিষদ ৬৮৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে কাল
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৪৫:৪০ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের উদ্যোগে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৬৮৮ জন কৃতী শিক্ষার্থীকে মোট ৩৯ লাখ ৬৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এতে সভাপতিত্ব করবেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম জানান, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ পথচলা সুগম করতে জেলা পরিষদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৬৮৮ শিক্ষার্থীর মধ্যে মোট ৩৯ লাখ ৬৯ হাজার টাকা বিতরণ করা হবে।
তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি





