বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:১৪:৩৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টা’র আয়োজনে ডিনেটের সহযোগিতায় নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খান।
এতে নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, কৃষক-জেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সামাজিক উন্নয়ন সংগঠন (সিএসও) ও এলাকাভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ডিনেটের মাধ্যমে বাস্তবায়িত নাগরিক সমন্বয় প্রকল্প মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় কাজ করছে। স্থানীয় সামাজিক উন্নয়ন সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নারী, তরুণ-যুবা ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব ও উপজেলা কো-অর্ডিনেটর শামিম আহমদের সঞ্চালনায় টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। সভাপতির বক্তব্য রাখেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রচেষ্টা নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমদ তন্ময়, উপসহকারি কৃষি কর্মকর্তা আহমদ ছাকিব চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক মস্তফা উদ্দিন, সুলতান আহমদ খলিল প্রমুখ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, আব্দুল কুদ্দুস, ভিসিজি সদস্য সোলেমান আহমদ, জমির উদ্দিন ও মিলন রবি দাস প্রমুখ।




