সিকৃবিতে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:০২:৩১ অপরাহ্ন

ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় জাতীয়তাবাদী পরিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হকের সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার, ইউট্যাব সিকৃবির সভাপতি প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, প্রফেসর ড. সুলতান আহমেদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নেয়ামত উল্যাহ, কর্মচারী পরিষদের প্রতিনিধি মো. আবু সাইদ ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রব্বানী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত ছিল। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। পলাতক ফ্যাসিস্টরা আবারও অগ্নিসন্ত্রাস, হত্যা ও গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় ফিরে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছে।
বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব অপশক্তির মোকাবিলা করতে হবে। বিজ্ঞপ্তি





