মৌলভীবাজারে সরকারি চাকুরিজীবী ফোরামের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:১১:৪৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের জেলা নির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মো. দ্বীন ইসলামকে সভাপতি এবং মো. আব্দুল মুমিন রনিকে সাধারণ সম্পাদক করে জেলা নির্বাহী পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় জেলা স্কাউটস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সিলেট বিভাগীয় নির্বাহী পরিষদের সভাপতি সৈয়দ মুত্তাকিম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয়, বিভাগীয় ও হবিগঞ্জ জেলা নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী, জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা দ্বিজেন্দ্র দাশ এবং বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি একেএম নুরুজ্জামান উপস্থিত ছিলেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সুমন দোষাদ, সহ-সভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদক জাসনা আক্তার।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। এ সময় সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।




