মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের বারান্দায় আগুন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৪:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় ভবনের নিচতলার বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত দুইটার দিকে এঘটনা ঘটে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক ভবনের নিচতলার বারান্দায় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে থাকা ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়নি। ব্যাংকটির কার্যালয় ভবনের দোতলায়। নিচতলায় ভবনের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) থাকেন। ওই তলার বারান্দায় কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছিল। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় ভবনের কেয়ারটেকার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





