ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৯:১৭:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের মুল ফটকের সামনে চাঁদাবাজ যুবদল কর্মীদের হাতে সোহাগ নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। শনিবার (১২ জুলাই) বিকেলে শহরের আলফাত স্কয়ার থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে অংশ নেন গণ অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জুলাই মঞ্চ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, যুবদলের নামে যারা ব্যবসায়ীকে হামলা করে হত্যা করছে, তারা কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না। এরা এক ধরনের সন্ত্রাসী গোষ্ঠী, যারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়।
নেতৃবৃন্দ আরও বলেন, যে দেশে রাজনীতির নামে হত্যাকান্ড ঘটে, সেখানে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকে না। আমরা এই হত্যার ন্যায়বিচার দাবি করছি এবং দেশজুড়ে যুবদলের সহিংসতা ও দমন-পীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।







