সুনামগঞ্জকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৭:১৭:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, সুনামগঞ্জ শহরে যেখানে সেখানে অবৈধ স্থাপনা বসিয়ে এবং যানবাহন এলোমেলোভাবে রাখায় জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে তা নিজ নিজ দায়িত্বে সরানোর অনুরোধ জানান তিনি। অন্যথায় আগামী ১৬ জুলাই থেকে শহরের সকল ধরনের অবৈধ স্থাপনা, খামার খালসহ অন্যান্য খাল উদ্ধার অভিযান শুরু হবে। তিনি রোববার সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকার বোগলাবাজার গরুর হাট আগামী অর্থ বছরের জন্য ইজারা না দেয়ার জন্য ইউএনও কে একটি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন। কারণ এই বাজারকে সামনে রেখে সীমান্তের ওপার থেকে অবৈধভাবে একটি চক্র রাতের আঁধারে গরু পাচার করতে ভারতের সীমানায় প্রবেশ করে মারা যান। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীর বালু-পাথর লুটপাট থামছেই না তাই আইন শৃংখলা বাহিনীর অভিযান আরও জোরদার করার আহবান জানান তিনি।







