কুলাউড়ায় শিক্ষক আবিদ হোসেন স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৮:৩০:৫৯ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: শিক্ষিত জাতি গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। আর প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে দেওয়ার মাধ্যমে যে শিক্ষকেরা একেকজন আলোকিত মানুষ গড়ার বীজ বপন করেন, তাদের অবদান সমাজের জন্য অনন্য। এভাবেই বক্তারা স্মরণ করেন মৌলভীবাজারের কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম সৈয়দ আবিদ হোসেনকে।
মঙ্গলবার তার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও শিক্ষার মানোন্নয়ন নিয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়।
মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সাংবাদিক হাসান আল মাহমুদ রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খুরশেদ আলম, মো. রাজিব মিয়া, পৃথিমপাশা ইউপির সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সম্পাদক মাসুদ রানা আব্বাছ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহেনা আক্তার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি নতুন ভবন নির্মাণ, সীমানা প্রাচীর, অভিভাবকদের জন্য শেডঘর, মাঠ ভরাট ও সড়কে গতিরোধক স্থাপনের দাবি জানানো হয়।






