শাবিতে নান্দনিক ফ্ল্যাগ ও শাহজালালের পরিচিতি স্ট্যান্ড উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৬:২০ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নান্দনিক ফ্ল্যাগ ও হযরত শাহজালাল (রহ:) এর পরিচিতি স্ট্যান্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এছাড়া গোল চত্বরের প্রবেশমুখে সৌন্দর্যবর্ধন কাজেরও উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার তত্ত্বাবধানে প্রশাসন ভবন ও গোল চত্বরের মধ্যবর্তী স্থানে এই সৌন্দর্যবর্ধন কাজ বাস্তবায়ন করা হয়েছে। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্থানটি শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সভা, সম্মেলন ও বিভিন্ন অনুষ্ঠানের সময় অতিরিক্ত ফ্ল্যাগ প্রদর্শনের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে দূর থেকে দৃশ্যমান এমন একটি নান্দনিক ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করা হয়েছে যাতে জাতীয় পতাকাসহ অন্যান্য পতাকা সুষ্ঠুভাবে উত্তোলন করা যায়। বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্যসম্বলিত বোর্ড, ক্যাম্পাসের ম্যাপ এবং হযরত শাহজালাল (রহ.) এর পরিচিতি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। এছাড়া বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়সমূহের নামখচিত মনুমেন্ট স্থাপন, মনোরম পরিবেশে বসার বেঞ্চও স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান ও এস্টেট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হাসনাত প্রমুখ। বিজ্ঞপ্তি





