প্রাথমিকে বৃত্তি পাচ্ছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬, ৮:৩৮:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : চলতি বছর প্রাথমিকে বৃত্তি পাচ্ছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী| এর মধ্যে মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী| মেধাবৃত্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে| অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী, যার মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৪১ হাজার ২৫০ এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২৫০টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে|
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে| এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে|
জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে| আইটি-নির্ভর কিছু কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর| সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হতে পারে|
নীতিমালা অনুযায়ী, বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে— ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ’| উভয় ক্যাটাগরিতেই ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীর জন্য কোটা সংরক্ষিত থাকবে| ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে উপজেলা বা থানাভিত্তিক মেধাক্রম অনুসরণ করা হবে| অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রে ইউনিয়ন বা ওয়ার্ডভিত্তিক মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে| মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং প্রতি মাসে ৩০০ টাকা করে পাবে| সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও এককালীন ২২৫ টাকা দেওয়া হবে এবং তারা মাসিক ২২৫ টাকা করে ভাতা পাবে|
বৃহস্পতিবার (২৫ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন বলেন, বৃত্তির ফলাফল প্রকাশের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে| তবে আইটি-নির্ভর বিভিন্ন কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে বলে ফল প্রকাশে বিল¤^ হচ্ছে| তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হতে পারে| বিষয়টি নিয়ে মহাপরিচালকের (ডিজি) সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে|
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, খুব শিগগিরই বৃত্তির ফলাফল প্রকাশ করা সম্ভব হবে| কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে|
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও বৃত্তি বণ্টন নীতিমালা সম্পর্কে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছেন, দেশে সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং ২০ শতাংশ বেসরকারি বা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে|






