ছাতকের হত্যা মামলার আসামী যশোর আটক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৬, ৯:০৭:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতকে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এবং র্যাব-৬ এর একটি যৌথ দল যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃতের নাম হাফিজুর রহমান (৩০)। সে ছাতক উপজেলার বনগাঁও গ্রামের নূর মিয়ার ছেলে এবং ছাতক থানার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
র্যাব সূত্র জানিয়েছে, নিহত আছিয়া বেগমের মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এবিরোধের জেরে গত ৭ জুন স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে আছিয়া বেগম ও তাঁর স্বামী বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে আছিয়া বেগম মারা যান।
এঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
রোববার এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






