ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬, ৮:২৪:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া ৪ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ| বুধবার (১ জুলাই) দুপুরে সিলেট সিটি করপোরেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়| প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি|
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই ৪ ছাত্রী| তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে| তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী| এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়| উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও ¯^জনেরা| রাতেই ৪ ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন|
তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ৪ কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম| তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে আমরা জানতে পারি, ওই ছাত্রীরা ঢাকার দিকে যাচ্ছে| বুধবার তাদের সিলেট এলাকায় শনাক্ত করা হয়| পরে বেলা আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়|
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)| তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী|
এক ছাত্রীর বাবা মুঠোফোনে জানান, তাঁর মেয়েসহ বাকিদেরও উদ্ধার করা হয়েছে| পরে তাদের সিলেটের দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়েছে| এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সিলেটের সিটির একটি বাস কাউন্টারে অপেক্ষায় থাকা ওই ৪ ছাত্রীকে শনাক্ত করে পুলিশ| তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানব পাচার চক্রের খপ্পরে পড়ে ওই ছাত্রীরা সিলেটে গিয়েছিল| বালিয়াডাঙ্গী থানার পুলিশের কয়েকজন সদস্য তাদের ফেরত আনতে সিলেটে রওনা হয়েছে| তারা ফিরে এলেই নিখোঁজের মূল ঘটনা জানা যাবে|
তবে ভিন্ন কথা বলছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান| তিনি জানান, ওই ৪ তরুণী বুধবার বিকেলের দিকে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনালে যাত্রীদের বসার জায়গায় ছিলেন| খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করে| প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানিয়েছে, তারা সিলেটে বেড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বেড়িয়েছিল| বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর হয়ে সিলেটের বাসে ওঠে| এরপর দুপুরের দিকে সিলেটে এসে পৌঁছায়| তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে| পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে|






