ইমাম হুসাইনের মাজারে খামেনির কফিন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৬, ৮:৩২:৪৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আয়াতুল্লাহ আলি খামেনি ও পরিবারের আরও চার সদস্যের মরদেহ ইরাকের নাজাফ শহর থেকে কারবালায় নেওয়া হয়েছে। কারবালায় আবুল ফজল আল-আব্বাস (আ.) ও ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে শেষ শ্রদ্ধা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইরাকের আলসুমারিয়া নিউজ জানিয়েছে, কারবালায় শোকাবহ পরিবেশে ব্যতিক্রমধর্মী শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক শোকাহত মানুষ, ধর্মীয় আলেম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
প্রতিবেদন অনুযায়ী, খামেনির পরিবারের সদস্যদের মরদেহ ইমাম হুসাইন (আ.) ও তার ভাই হজরত আবুল ফজল আল-আব্বাস (আ.)-এর মাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী বরকত গ্রহণ ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এদিকে, বুধবার ভোর থেকেই নাজাফে আয়াতুল্লাহ খামেনির জন্য সরকারি ও জনসাধারণের অংশগ্রহণে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারের দিকে যাওয়া সড়কগুলোতে বিপুলসংখ্যক ইরাকি নাগরিক, জিয়ারতকারী এবং ধর্মীয় ব্যক্তিত্ব জড়ো হন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে ইরান ও ইরাকের জ্যেষ্ঠ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন। এরপর শোকানুষ্ঠান শুরু হয়।
নাজাফ শহরে জনসমুদ্রে রূপ নিয়েছে খামেনির শোকযাত্রায়। এতে অংশ নিয়েছে লাখো মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা গেছে।
মেহের নিউজ এজেন্সির তথ্য মতে, নাজাফের আল-কুফা সেতু থেকে শোভাযাত্রা শুরু হয়ে শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইমাম আলী (আ.) মাজারের দিকে অগ্রসর হয়। নাজাফ ও কারবালায় অনুষ্ঠিতব্য শোকানুষ্ঠানকে ঘিরে ইরাকি কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ এবং কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই ইমাম রেজা মাজারে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।





