মালয়েশিয়ার হালাল পণ্য রপ্তানি বেড়ে ৬৮.৫২ বিলিয়ন রিঙ্গিত
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৬, ৭:১৮:১৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার হালাল পণ্যের রপ্তানি ২০২৫ সালে ১০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৮.৫২ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে। ২০২৪ সালে এ রপ্তানির পরিমাণ ছিল ৬১.৭৮ বিলিয়ন রিঙ্গিত।
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমআইটিআই) জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হালাল সনদ, শক্তিশালী শিল্প-ইকোসিস্টেম এবং উন্নত হালাল অবকাঠামোর কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৫ সালে দেশের মোট রপ্তানির ৪.৩ শতাংশ এসেছে হালাল পণ্য থেকে।
হালাল রপ্তানির প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়, হালাল উপাদান (ইনগ্রেডিয়েন্ট), পাম অয়েলজাত পণ্য, প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী, ওষুধ এবং রাসায়নিক শিল্পের পণ্য। এর মধ্যে শুধু হালাল খাদ্য ও পানীয় খাত থেকেই ৩৬.৮৬ বিলিয়ন রিঙ্গিত এবং হালাল উপাদান খাত থেকে ২১.৩৯ বিলিয়ন রিঙ্গিত রপ্তানি হয়েছে।
সংসদ সদস্য তান শ্রী মুহিউদ্দিন মোহদ ইয়াসিনের এক প্রশ্নের লিখিত জবাবে এমআইটিআই জানায়, স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০২৪/২০২৫ অনুযায়ী, মালয়েশিয়া টানা ১১ বছর ধরে গ্লোবাল ইসলামিক ইকোনমি ইন্ডিকেটরে শীর্ষস্থান ধরে রেখেছে। হালাল খাদ্য, ইসলামিক অর্থায়ন, মিডিয়া ও বিনোদন, প্রসাধনী ও ওষুধ এবং মুসলিমবান্ধব পর্যটনÑএই পাঁচটি খাতে দেশটি বিশ্বে এক নম্বর অবস্থানে রয়েছে।
মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালে নতুন বাজার সম্প্রসারণ, সমন্বিত রপ্তানি প্রচারণা, আন্তর্জাতিক হালাল বাণিজ্য প্ল্যাটফর্ম, বাণিজ্য মিশন, ব্যবসায়িক ম্যাচমেকিং, ডিজিটাল প্রচারণা এবং বাজার গবেষণার মাধ্যমে হালাল রপ্তানি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ গুরুত্ব দেওয়া হবে পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়ার পাশাপাশি সম্ভাবনাময় নতুন বাজারগুলোতে। এ লক্ষ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা এবং মান-অনুবর্তিতা সংক্রান্ত জটিলতা দূর করার উদ্যোগও নেওয়া হবে।
এমআইটিআই জানিয়েছে, ২০২৫ সালে মালয়েশিয়ার হালাল পণ্য প্রথমবারের মতো কেনিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, আলজেরিয়া, উজবেকিস্তান, টোগো ও মরক্কোসহ বেশ কয়েকটি নতুন বাজারে প্রবেশ করেছে। পাশাপাশি মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (গঅঞজঅউঊ) আন্তর্জাতিক বাণিজ্য মিশন, প্রদর্শনী এবং সোর্সিং কার্যক্রম আরও জোরদার করবে।






