জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে প্রায় দেড় কোটি টাকার কাজ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৬, ৮:৪০:৫৩ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা ও স্যানিটেশন উন্নয়নে তিনটি পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমির অভাবে একটি টয়লেটের কাজ শুরু করা যাচ্ছে না। একই কারণে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি) নির্মাণ প্রকল্পও অনিশ্চয়তায় পড়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিটি পাবলিক টয়লেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ টাকা। মোট ৮১ লাখ টাকা ব্যয়ে তিনটি টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উপজেলা চৌমুহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি টয়লেটের নির্মাণকাজ চলছে। তবে ভানুগাছ পৌর বাজার এলাকায় উপযুক্ত জমি না পাওয়ায় তৃতীয় টয়লেটের কাজ শুরু করা সম্ভব হয়নি।
এদিকে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে একটি এফএসটিপি নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় এক একর জমির অভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা যাচ্ছে না।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ জানান, নির্মাণাধীন দুটি পাবলিক টয়লেটের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তৃতীয় পাবলিক টয়লেট ও এফএসটিপি প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি পাওয়া যাচ্ছে না। জমির ব্যবস্থা করা গেলে দ্রুত প্রকল্প দুটির কাজ শুরু করা হবে।





