জুলাই শহীদ দিবসে সুনামগঞ্জে জামায়াতের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৮:২৬:২২ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, জেলা অফিস সেক্রেটারি নুরুল ইসলাম, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু. মামুন এবং সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী। এছাড়া জেলা, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। তাঁদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা জীবন উৎসর্গ করেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






