মালয়েশিয়ায় জুলাই বিপ্লব নিয়ে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৮:২৩:৫০ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় জুলাই বিপ্লবে রেমিট্যান্স শাটডাউনের গুরুত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| রোববার বিকেলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রেমিট্যান্স শাটডাউন ছিল দেশের আন্দোলনের প্রতি প্রবাসীদের ঐক্যবদ্ধ সংহতি ও প্রতিবাদের গুরুত্বপূর্ণ প্রতীক|
পবিত্র আল-কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন লোকমান হাকিম| পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়| অনুষ্ঠান পরিচালনা করেন কুয়ালালামপুর আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. আবুল বাশার| বিশেষ অতিথি ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক| বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব আলম রওশন| এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য আকাশ আলমগীর, সেলাংগর আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল এবং কুয়ালালামপুর আঞ্চলিক কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিলকিস বিথী|
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা আব্দুল আহাদ সরাসরি উপস্থিত থেকে আন্দোলনের স্মৃতিচারণ করেন| ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন শহীদ তাহমিদের মা, শহীদ ইমনের ভাই, জুলাইযোদ্ধা কানিজ ফাতেমা, আহত জুলাইযোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক এবং শহীদ সাজ্জাদের বাবা|
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহত যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান| তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশে-বিদেশে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে|
আলোচনায় আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করেন, আন্দোলনে আহত হওয়ার পরও তিনি এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি| এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি| মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনের নেতাকর্মী, সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে|






