বাংলাদেশি কর্মী নিতে মালয়েশিয়ার সবুজ সংকেত
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৮:৪৮:৫২ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানে অগ্রাধিকার বহাল রেখেই বিদেশি শ্রমিক সংকট দ্রুত নিরসনে কাজ করছে দেশটির সরকার। বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আগামী এক-দুই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান।
মঙ্গলবার নেগেরি সেম্বিলানের এসজেকেটি লাদাং সেনাওয়াংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মালয়েশিয়ার নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার। উপযুক্ত স্থানীয় কর্মী পাওয়া না গেলে এবং আইন ও বিধিমালা মেনে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হবে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বিদেশি কর্মী নিয়োগের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ৩০ দিনের সময়সীমা দিয়েছেন। তবে তিনি ২০ দিনের মধ্যেই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছেন। বিশেষ করে সেবা ও রেস্তোরাঁ খাতে শ্রমিক সংকট নিরসনে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার পুত্রজায়ায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের সঙ্গে বৈঠক করেন রামানান। বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগের সময়সীমা, প্রক্রিয়া ও বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে রামানান বলেন, দুই দেশের আলোচনা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। আগামীকাল অথবা পরশুর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর দুই দেশ যৌথভাবে অথবা পৃথকভাবে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।
তিনি জানান, বর্তমান সমঝোতা স্মারক (এমওইউ) বছরের শেষ পর্যন্ত কার্যকর রয়েছে। তবে আপাতত নতুন চুক্তির চেয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের তাৎক্ষণিক চাহিদা পূরণকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
মালয়েশিয়ায় বর্তমানে বিদেশি কর্মী নিয়োগে কঠোর কোটা ব্যবস্থা রয়েছে। দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী মোট শ্রমশক্তির সর্বোচ্চ ১৫ শতাংশ বিদেশি কর্মী হতে পারবেন। ২০৩০ সালের মধ্যে এ হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, আগামী কয়েক দিনের সিদ্ধান্ত শুধু বাংলাদেশি কর্মী নিয়োগের পথই খুলবে না, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হতে পারে।





