দক্ষিণ এশিয়ায় অপরাধে শীর্ষে ঢাকা
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৬, ৮:১২:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলটির সবচেয়ে পিছিয়ে থাকা শহরের তালিকায় রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বিও প্রকাশিত ২০২৬ সালের ক্রাইম ইনডেক্সে এমন চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২, যা দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো বড় শহরের তুলনায় সর্বোচ্চ। বিপরীতে নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮, যা এই অঞ্চলের সর্বনিম্ন। অর্থাৎ, নগরবাসীর বড় একটি অংশ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং বিশেষ করে রাতে চলাচলের ক্ষেত্রে অনিরাপদ বোধ করেন।
প্রতিবেদনে দেখা যায়, পাকিস্তানের করাচি, ভারতের দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা ও গুরগাঁওয়ের মতো উচ্চ জনঘনত্বের শহরগুলোর অপরাধ সূচকও ঢাকার নিচে অবস্থান করছে। এমনকি দীর্ঘদিন ধরে নিরাপত্তা-সংকটের জন্য আলোচিত করাচিও নিরাপত্তা সূচকে ঢাকার চেয়ে এগিয়ে রয়েছে।
নাম্বিওর বৈশ্বিক তালিকায় অপরাধপ্রবণতার দিক থেকে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ, অপরাধের মাত্রা ও নিরাপত্তাহীনতার বিচারে রাজধানী বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে।
বিশ্লেষকদের মতে, নগরায়ণের চাপ, জনসংখ্যার ঘনত্ব, চুরি-ছিনতাই, মাদক-সংশ্লিষ্ট অপরাধ, সড়ক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে নাগরিকদের উদ্বেগ—এসব বিষয় সূচকে প্রভাব ফেলেছে। তবে নাম্বিওর সূচক মূলত ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতভিত্তিক তথ্যের ওপর নির্ভর করে তৈরি হয়; এটি কোনো সরকারি অপরাধ পরিসংখ্যান নয়।
বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ২০২৬ সালের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯। নিরাপত্তা, জননিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকারিতার কারণে আবুধাবি ধারাবাহিকভাবে বিশ্বসেরাদের তালিকায় রয়েছে।
২০২৬ সালের সর্বশেষ সূচকটি ইঙ্গিত দিচ্ছে, দ্রুত বর্ধনশীল রাজধানী ঢাকায় নাগরিক নিরাপত্তা জোরদার করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।





