শাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৭:২৭:০৩ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিশেষ দোয়া, বিভাগভিত্তিক ফিস্ট এবং ক্যাম্পাসে আলোকসজ্জার আয়োজন করা হয়।
বুধবার সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা জোরদারে প্রতিটি বিভাগে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (টিএ) চালুর উদ্যোগের কথাও জানান তিনি। এ সময় তিনি ‘শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ’ চালুর ঘোষণা দেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা সংরক্ষণের পাশাপাশি শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণে লেক উন্নয়ন, স্মৃতিফলক নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথাও জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদির, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভাগভিত্তিক বিশেষ ভোজ (ফিস্ট) আয়োজন করা হয়।






