হবিগঞ্জের অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৯:২৮:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক কিশোরীকে অভিযান চালিয়ে সিলেট থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এসময় অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলাম (২০)কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ সূত্র জানিয়েছে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর একটি দল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টায় নগরীর শাহপরান থানাধিন মুরারচর এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে। ঐ কিশোরী হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতার আরাফাত ইসলাম একই উপজেলার রতনপুর গ্রামের নূর ইসলামের ছেলে।
র্যাব-৯ জানায়, অভিযুক্ত আরাফাত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে কিশোরীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করত। একপর্যায়ে আরাফাত কিশোরীকে প্রেমের প্রস্তাব এবং শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দেয়। বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে অভিযুক্তের পরিবারকে অবহিত করলেও এরপরও তারা বিভিন্নভাবে কিশোরীকে বিরক্ত করতে থাকে। গত ৪ জুন সকাল ৮টার দিকে কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে মাধবপুরের রাজ্জাক মিয়ার মার্কেটের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সিলেটে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






