নতুন প্রজন্মকে সিলেটের ইতিহাস ঐতিহ্য ধারণ করে এগিয়ে যেতে হবে: কাহের শামীম
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৭:৩০:৩৭ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, নতুন প্রজন্মকে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। তাদের মননে সিলেটের ঐতিহ্য ধারণ করাতে পারলে আগামী দিনে তারা দেশ ও জাতির সঠিক নেতৃত্ব দিতে পারবে।
শনিবার নগরীর শারদা হলে সামাজিক সংগঠন ‘কালারফুল সিলেট’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সিলেট হেরিটেজ আর্ট প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী আয়োজনে শতাধিক শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিশুদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেওয়া হয়।
কালারফুল সিলেটের সদস্য ফারিহা জাহান রিফার সঞ্চালনায় এবং সিলেট হেরিটেজ রানের পরিচালক আজাদ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়সল আহমদ এবং গীতাপাঠ করেন কল্লোল চক্রবর্তী।
স্বাগত বক্তব্য দেন কালারফুল সিলেটের সদস্য সচিব অমিত হাসান মাহী। বিশেষ অতিথির বক্তব্য দেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন আমিন উদ্দিন আহমেদ।
এ সময় আরও বক্তব্য দেন কালারফুল সিলেটের সভাপতি শাহরুল আলম, সংগঠনের সদস্য নাহিদ আহমেদ, নাজির উদ্দিন, সায়েম রাজা, রাহুল আহমেদ ও ইমা বেগমসহ অনেকে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সৃজনশীল কাজের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি






