পুলিশ লাইন্সের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শনে পুলিশ কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৭:৫২:৩২ অপরাহ্ন

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা প্রস্তাবিত এসএমপি পুলিশ লাইন্সের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেছেন। শনিবার তিনি নগরীর সাগরদিঘীর পাড়ে প্রস্তাবিত এসএমপি পুলিশ লাইন্সের জন্য বরাদ্দকৃত জমি, আলমপুর ট্রাফিক ডাম্পিং ইয়ার্ড, চৌহাট্টা ট্রাফিক পুলিশ বক্স এবং চন্ডিপুলে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার ডাম্পিং ইয়ার্ডগুলোর সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা ও বিদ্যমান অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি চৌহাট্টা ট্রাফিক পুলিশ বক্স এবং চন্ডিপুলে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের নির্ধারিত স্থান পরিদর্শন করে উন্নয়ন, সংস্কার ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরির্দশনকালে পুলিশ কমিশনারের সাথে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক, স্টাফ অফিসার), ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি






