দায়িত্ব পেয়ে মাজার জিয়ারত মহানগর বিএনপি সভাপতির
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৮:১৭:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রায় দুই বছর পর সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পেয়ে হযরত শাহজালাল (রহ:) মাজার জিয়ারত করে দলীয় কার্যক্রম শুরু করেছেন নাসিম হোসাইন। গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। এসময় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাজার জিয়ারত ও বিশেষ দোয়া শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মহানগর বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে শিগগিরই নতুন কর্মপরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সংগঠনকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে সভাপতি নাসিম হোসাইনের পুনরায় সাংগঠনিক দায়িত্ব ফিরে পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তার নেতৃত্বে সিলেট মহানগর বিএনপি আবারও চাঙা হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






