মাদক-জুয়া-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সিসিক-এসএমপি একসঙ্গে কাজ করবে
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৬, ৮:১৬:১৯ অপরাহ্ন

নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সিলেট নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর অনুরোধ জানান।
এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সাক্ষাৎকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মঈনুল জাকির উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






