বিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬, ৯:২৫:১৪ অপরাহ্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) প্রজেক্টের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রজেক্ট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি সরুফা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা ভার্ড প্রজেক্ট ম্যানেজার সাইদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া।
সভায় আরও বক্তব্য দেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ফোরামের সদস্য আনোয়ারা খাতুন, ফারুক উদ্দিন, আল আমিন, পারভিন বেগম, শিউলি আক্তার ও খুকুমণিসহ অন্যরা।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং ধর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে বর্তমান সময়ে বাল্যবিবাহের প্রবণতা বেড়ে যাওয়ায় এ বিষয়ে আরও কার্যকর নজরদারি প্রয়োজন।
সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।






