জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৮:০২:৫৬ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, পরিকল্পিত ও টেকসই সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে হাওরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনসেবার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।
মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপশী গ্রামের মসজিদের পাশে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। পরে সাচনাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের মানুষের জন্য যোগাযোগব্যবস্থা এখনো বড় একটি চ্যালেঞ্জ। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি ও প্রতিকূল পরিবেশের কারণে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। উড়াল সড়কসহ টেকসই অবকাঠামো গড়ে উঠলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় নেত্রকোনা-জামালগঞ্জ (সাচনা)-সুনামগঞ্জ সড়কের জামালগঞ্জ অংশ এবং গোলকপুর জিসি-সাচনা জিসি সড়কের উন্নয়ন ও পুনর্নির্মাণের কাজ করা হবে। যোগাযোগব্যবস্থাকে আরও টেকসই ও জনবান্ধব করার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাচনাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন প্রকল্প পরিচালক ফেরদৌস আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক এবং জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান প্রমুখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






