স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৬, ৭:৫৯:৩৯ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করে রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের ত্যাগ ও তিতিক্ষা গণতন্ত্রের সংগ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বুধবার বিকেল ৪টায় সিলেটের রেজিস্ট্রি মাঠে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আজ এই সময়ে এসে বিএনপি সরকার পরিচালনা করছে। গণতান্ত্রিক যাত্রার পথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও অনেক ত্যাগ ও বিসর্জন রয়েছে। তবে এই পথচলা এখানেই শেষ নয়। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশকে উজ্জীবিত ও সমৃদ্ধ রাখতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতার পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মো. নুরুল হুদা, দেলওয়ার হোসেন, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সারওয়ার রেজা, কায়ছান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়াসহ নেতৃবৃন্দ। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি






