২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৮:৪৮:০৫ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : এমপিদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই। তাদের স্বাধীন ইচ্ছার ওপর ছিল কঠোর দলীয় পাহারা। তবুও দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষা ভেঙে অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন। আর বাধ্যবাধকতার বৃত্তে বন্দি এই নির্বাচনে যথারীতি শেষ হাসি হাসলেন সরকারদলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি।
ঘোষিত ফল অনুযায়ী, সরকার দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আর জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অব. অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
বর্তমান সংসদে সংরক্ষিত নারীসহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ৬ জন ভোট দেননি। এর মধ্যে বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন।
বিএনপির সংসদ সদস্য ড. ওসমান ফারুক ও খেলাফত মজলিসের আবুল হাসানও ভোট দিতে আসেননি। আবুল হাসান বিদেশে অবস্থান করছেন বলে তাঁর দলের মহাসচিব জানিয়েছেন। জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকেও ভোট দিতে দেখা যায়নি। ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহও ভোট দেননি।
ভোটদানে বিরত থাকার বিষয়ে রুমিন ফারহানা বলেন, এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের। ভোট না দেওয়ার পক্ষে তিনি কারণও তুলে ধরেছেন। রুমিন ফারহানা বলেন, আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।
ভোট না দেওয়ার দ্বিতীয় কারণ ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন, এত বড় একটি গণ-অভ্যুত্থান গেল, যার সঙ্গে জাতি হিসেবে আমাদের আত্মত্যাগ, অনেক স্বপ্ন জড়িত। তাহলে আমরা সবাই মিলে কেন একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারলাম না।
এদিকে, জয়ের পর সংসদে বিপুল করতালিতে অভিনন্দিত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল।
ফল ঘোষণার সময় মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর পাশে নিজের চেয়ারে বসেছিলেন। তাঁকে বিজয়ী ঘোষণার সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাতের ইশারায় সালাম দেন। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীও দাঁড়িয়ে যান ও করমর্দন করেন। এ সময় মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর সবাইকে সালাম দেন মির্জা ফখরুল।
এরপর মির্জা ফখরুল নিজের চেয়ার থেকে উঠে সামনে যান। সেখানে তাঁর সঙ্গে পর্যায়ক্রমে কোলাকুলি করেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের জ্যেষ্ঠ সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা রফিকুল ইসলাম খান।
এরপর মির্জা ফখরুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোলাকুলি করেন। পরে পর্যায়ক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কোলাকুলি করেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার ১৫ মিনিট পর চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে। আর এর ১৫ মিনিটের মাথায় অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
এর আগে বেলা ৩টা-৫টা পর্যন্ত চলে ভোটগ্রহন। বিকেল পাঁচটায় সিইসি ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করে গণনা শুরুর ঘোষণা দেন। এরপর ভোট গণনা শুরু হয়। গণনা চলার সময় সংসদ সদস্যরা নিজেদের আসনে বসে তা দেখছিলেন। এ সময় টেবিলের সামনে দাঁড়িয়ে গণনা পর্যবেক্ষণ করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কয়েকজন হুইপ।
পরে বিকেল ৫টা ২০ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের জন্য মুদ্রিত ব্যালট ছিল ৩৪৯টি। এর মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহৃত হয়েছে। বৈধ ব্যালট ৩৪৩। অব্যবহৃত ব্যালটের সংখ্যা ৬টি।




