আগস্টে সিলেটে ৩৯১ মি.মি. বৃষ্টিপাত : সুনামগঞ্জে ৮৪৪
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬, ১২:২৬:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট অঞ্চলে আগস্টের প্রথম ২২ দিনে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সুনামগঞ্জে ৮৪৪ মিলিমিটার। জাফলংয়ে ৭৩১ এবং দিরাইয়ে ৬৭৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেট শহরে এসময়ে বৃষ্টিপাত হয়েছে ৩৯১ মিলিমিটার।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের শনিবারের (২২ আগস্ট) তথ্য বিশ্লেষণে এচিত্র পাওয়া গেছে।
পাউবোর তথ্য অনুযায়ী, ১ থেকে ২২ আগস্ট পর্যন্ত সুনামগঞ্জে আগস্ট মাসের মোট বৃষ্টিপাত হয়েছে ৮৪৪ মিলিমিটার। সেখানে পুরো আগস্টের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার ১১৭ দশমিক ৫ মিলিমিটার। অর্থাৎ মাসের ২২ দিনেই স্বাভাবিক মাসিক বৃষ্টির প্রায় ৭৫ শতাংশ হয়েছে।
জাফলংয়ে ২২ দিনে বৃষ্টি হয়েছে ৭৩১ মিলিমিটার। আগস্টে সেখানকার স্বাভাবিক বৃষ্টিপাত ৯৬২ দশমিক ৩ মিলিমিটার। এরই মধ্যে স্বাভাবিকের প্রায় ৭৬ শতাংশ বৃষ্টি হয়েছে। ২০ আগস্ট জাফলংয়ে ২৪ এবং ২১ আগস্ট ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
দিরাইয়ে আগস্টের ২২ দিনে বৃষ্টিপাত হয়েছে ৬৭৯ মিলিমিটার। এর মধ্যে ২১ আগস্ট এক দিনেই ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সিলেট শহরে এসময় মোট ৩৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগস্টে শহরটির স্বাভাবিক বৃষ্টিপাত ৬১৮ দশমিক ২ মিলিমিটার। ২০ আগস্ট ২৯ এবং ২১ আগস্ট ১১ মিলিমিটার বৃষ্টি হলেও ২২ আগস্ট সকাল ৯টা পর্যন্ত কোনো বৃষ্টি রেকর্ড হয়নি। মাসের ২২ দিন শেষে সিলেটে স্বাভাবিকের প্রায় ৬৩ শতাংশ বৃষ্টি হয়েছে।
এছাড়া ছাতকে আগস্টের সঞ্চিত বৃষ্টিপাত ৪৫৯ মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ৮০৩ দশমিক ৭ মিলিমিটার। কানাইঘাটে হয়েছে ৫৪৯ মিলিমিটার, স্বাভাবিক ৭২৫ দশমিক ১ মিলিমিটার। শেওলায় ৪৫৫, লালাখালে ৫৬৬ এবং জকিগঞ্জে ৩৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২০ আগস্ট লালাখালে এক দিনেই ১০৫ মিলিমিটার এবং কানাইঘাটে ৭৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
মৌলভীবাজার অঞ্চলের কয়েকটি স্টেশনেও সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টি হয়েছে। মনু রেলওয়ে ব্রিজ স্টেশনে ২১ আগস্ট ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগস্টের ২২ দিনে সেখানে মোট বৃষ্টিপাত হয়েছে ২৯৯ মিলিমিটার।
শ্রীমঙ্গলে ২১ আগস্ট ৫৮ এবং ২২ আগস্ট সকাল ৯টা পর্যন্ত আরও ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগস্টে সেখানে মোট বৃষ্টিপাত দাঁড়িয়েছে ২৪০ মিলিমিটার। কমলগঞ্জে ২১ আগস্ট ৫০ মিলিমিটারসহ মাসে মোট ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তবে পুরো আগস্ট মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় সিলেট অঞ্চলের অধিকাংশ স্টেশনেই এখনো বৃষ্টি কম হয়েছে। পাউবোর তথ্য অনুযায়ী, সিলেটে স্বাভাবিকের প্রায় ৬৩ শতাংশ, ছাতকে ৫৭ শতাংশ, কানাইঘাটে ৭৬ শতাংশ, জাফলংয়ে ৭৬ শতাংশ এবং সুনামগঞ্জে প্রায় ৭৬ শতাংশ বৃষ্টি হয়েছে। মৌলভীবাজারে স্বাভাবিকের প্রায় ৪৭ শতাংশ এবং হবিগঞ্জে প্রায় ৬০ শতাংশ বৃষ্টি হয়েছে।
আবহাওয়া ও বৃষ্টিপাতের এ পরিস্থিতি অবশ্য মাসের বাকি দিনগুলোতে বদলে যেতে পারে। পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে।
ফলে আগস্টের শেষ সপ্তাহে নতুন করে ভারী বৃষ্টি হলে মাসিক মোট বৃষ্টিপাত আরও বাড়তে পারে। বিশেষ করে সুনামগঞ্জ, জাফলং, লালাখাল, কানাইঘাট ও দিরাইয়ের মতো বেশি বৃষ্টিপাতপ্রবণ এলাকায় এর প্রভাব নদ-নদী ও হাওরাঞ্চলের পানির পরিস্থিতিতে পড়তে পারে।
তবে শনিবারের (২২ আগস্ট) প্রকাশিত পাউবোর প্রতিবেদনে দেশের প্রধান নদ-নদীগুলোর কোনোটিই মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।






