শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৭:২৫:৫০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য ও জামালগঞ্জ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. উজ্জ্বল হোসেন (২৭) নিহত হয়েছেন।
সোমবার সকালে শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টের সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাঘটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছর আনসার ও ভিডিপি সমাবেশে তিনি মহাপরিচালকের পদক লাভ করেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন উজ্জ্বল। সোমবার সকালে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে মৌলভীবাজারে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা দুর্ঘটনার খবর পান।
স্থানীয়রা জানান, ডাবর পয়েন্টের সিচনী এলাকায় মহাসড়কে উজ্জ্বলকে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখা যায়। পরে শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আবার কেউ দাবি করছেন, বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি উল্লাহ জানান, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জামালগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমেদ জানান, উজ্জ্বল হোসেন ঢাকা প্রশাসনিক জোনের আশুলিয়া থানাধীন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড নতুন জোন) আনসার গার্ডে কর্মরত ছিলেন। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গত ১৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত আট দিনের ছুটিতে তিনি নিজ বাড়ি সুনামগঞ্জে এসেছিলেন। ছুটিতে থাকা অবস্থায় ডাবর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হন।






