দোয়ারায় নসকসের বৃত্তি পেল ৪৩ শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৬, ৮:৪১:২৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : সাধারণত কোনো অনুষ্ঠানে অতিথির আসনে দেখা যায় সমাজের বিশিষ্ট ব্যক্তিদের। তবে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। অতিথির আসনে বসেছেন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা। শুধু তাই নয়, তাদেরই একজন পালন করেছেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব। মঞ্চে উঠে অতিথির বক্তব্যও দিয়েছেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
এমন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস)-এর ৩৪তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩ জন কৃতী শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার নরসিংপুরে আল মদিনা একাডেমি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সানজিদা রহমান। নসকসের সভাপতি এখলাসুর রহমান আবিদ ও সেক্রেটারি আব্দুল আলীম অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ সেনাবাহিনী বা পুলিশ কর্মকর্তা, কেউ আইনজীবী কিংবা শিক্ষক হওয়ার স্বপ্নের কথা জানান। উচ্চশিক্ষা অর্জন করে দেশের জন্য কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নসকসের সিনিয়র সদস্য ফারুক আহমদ, সাবেক সভাপতি ওয়ারিছ আলী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন, রফিকুর রহমান, ইয়াকুব আলী, আব্দুল আউয়াল, শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ফখর উদ্দিন বাবুল, ইঞ্জিনিয়ার জাফর আলী, সহসভাপতি আলিমুর রহমান ও হাসান আলী, শিক্ষা সম্পাদক আজিজুর রহমান অলিল এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ।
এছাড়া নসকসের সদস্য গোলাম সামদানী সুমন, ইয়াকুব আল হাসান, মোজাম্মেল হোসাইন, ইমরান হোসাইন, জাবেদুল হক, জাকিদুল হাসান, নিয়াজ আহমদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।






